নেত্রকোনা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন তো জামায়াতের আমির সাহেবের দাবী। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই আমরা নির্বাচনে যাবো।
কোন ভোট ডাকাতের হাতে দেশকে ছেড়ে দিবোনা। ভোট কেন্দ্র ও ভোট বাক্স পাহাড়া দিতে হবে। জামায়াত এদেশের মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিবে।
বৃহষ্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, জীবন দিয়ে হলেও এদেশে কোরআনের আইন বাস্তবায়ন করবো। সব সরকারই ইসলামের সাথে গাদ্দারী করেছে।
এখন দেশের মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। আমরা চেষ্টা করছি ইসলামের পক্ষে একটি ভোট বাক্স দেওয়ার। নির্বাচনী তফসিল ঘোষণা হলে এটা বাস্তব রূপ নিবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এদেশে মানুষের ভোটের মূল্যায়ন করার জন্য উত্তম পদ্ধতি হলো পি আর পদ্ধতি। আমরা চাই যারা এক শতাংশ ভোট পাবে তাদের ভোটেরও মূল্যায়ন হোক।
কেউ ২৫ ভাগ ভোট পেল, অন্যরা ২৩-২৪ ভাগ ভোট পেলেও তারা সরকারে কোন ভূমিকা রাখতে পারেনা। ৭৫ পার্সেন্ট ভোটারের ভোট নষ্ট হয়। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও জাতির ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. ছামিউল হক ফারুকী,
নেত্রকোণার ৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নেত্রকোনা-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন সাইফুল,
সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা ৫ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা কর্মপরিষদ সদস্য নেত্রকোনা-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হাসিম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিনসহ জামায়াতের জেলা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।
এসময় জেলার প্রত্যেক উপজেলা থেকে প্রায় ৬ শতাধিক পুরুষ ও মহিলা রোকন সম্মেলনে অংশগ্রহণ করেন।