বিএনপির সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানাকে নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, রুমিন ফারহানা একাই যা করেছেন, বিএনপির একশ নেতাও তা করতে পারেননি।
নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক রাজনৈতিক আলাপচারিতায় রনি বলেন, রুমিন ফারহানা একজন “রায়বাঘিনি”। বিএনপিতে তার মতো সাহসী, মেধাবী ও তুখোড় নেতৃত্বের উদাহরণ খুবই কম। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, বিশেষত মুক্তিযুদ্ধের সংগঠক অলি আহাদের কন্যা হিসেবে রুমিন অন্যদের তুলনায় বেশি সম্মানিত।
রনির মতে, রুমিনকে নিয়ে বিরোধী পক্ষের ষড়যন্ত্রের মূল কারণ তার বুদ্ধিমত্তা ও দৃঢ়চেতা অবস্থান। তিনি বলেন, “রুমিনকে বিউটি উইথ ব্রেইন বলা যায়। নারী হওয়ার কারণে তাকে নিয়ে কটাক্ষ করা হলেও প্রকাশ্যে রুমিনকে মোকাবিলা করার মতো রাজনীতিক দেশের রাজনৈতিক অঙ্গনে হাতে গোনা।”
তিনি আরও যোগ করেন, “হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো কেউ বললে—‘তুমি কে?’, রুমিনও জবাব দিতেন—‘আপনি কে?’ সেই সাহস রুমিনের আছে।”
গোলাম মাওলা রনি উল্লেখ করেন, সংসদে রুমিন ফারহানার একটি বক্তব্য বিএনপিকে এমন অবস্থানে নিয়ে গিয়েছিল, যা একশ নেতার প্রতিদিনের কার্যক্রমেও সম্ভব হয়নি। বর্তমানে টেলিভিশন টকশোতে বিএনপির শীর্ষ তারকা নেতাদের মধ্যে প্রথম সারিতেই আছেন রুমিন।
প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাসের শুনানিতে রুমিন সমর্থক ও এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি হয়। এনসিপি নেতা হাসনাত রুমিনকে নিয়ে কড়া সমালোচনা করলে পাল্টা জবাবে রুমিনও তাকে গালি দেন। ব্যক্তিগত জীবন নিয়েও তাকে নিয়ে আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির ভেতরে রুমিন ফারহানার মতো নেতৃত্বকে শক্ত সমর্থন না দেওয়া দলের জন্য বড় রাজনৈতিক ভুল হতে পারে।