শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নবম ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা গ্রহণ ও বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, “পশু চিকিৎসা এক মহান পেশা।
এ পেশার মাধ্যমে গরিব কৃষকদের দোয়া পাওয়া যায়। আগামীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের নেতৃত্ব দিবে তোমরা। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে কম্বাইন্ড ডিগ্রি চালু হবে।”
বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল বাশার শিক্ষার্থীদের ইন্টার্নশিপে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অধ্যাপক আবুল বাশার বলেন, “দীর্ঘ সময় তাত্ত্বিক পড়াশোনা করলেও ব্যবহারিক শিক্ষায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে এই ইন্টার্নশিপ শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।”
এছাড়া অনুষ্ঠানে একমি ল্যাবরেটরির প্রতিনিধি ড. মো. জুলহাস উদ্দিন ও এসিআই অ্যানিমেল হেলথের প্রধান ড. মোহাম্মদ আমজাদ হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কো-অর্ডিনেটর ড. মো. মহাব্বত আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজ তোমরা স্বপ্ন বাস্তবায়নের চূড়ান্ত ধাপে প্রবেশ করলো।
সবার জন্য শুভকামনা।” অপর কো-অর্ডিনেটর ড. শরীফা জাহান বলেন, “তোমরা ভবিষ্যতের ডাক্তার। হাতে-কলমে শেখার সময় এসেছে। ভুল থেকেই শেখা যায়, তাই মনোযোগ দিয়ে শেখার আহ্বান জানাই।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে শিক্ষার্থীরা আরও দক্ষ হয়ে উঠবে।
এই ছয় মাসের ইন্টার্নশিপ শেখার এক সুবর্ণ সুযোগ।” শেষে তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।