ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, “বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে, তাদের শাসন আমরা দেখেছি। আমরা আমাদের সন্তানের মরদেহ আর দেখতে চাই না। দেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না।”
গত সোমবার (২৫ আগস্ট) কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “ইতিমধ্যে সামনে কী হতে পারে তা অনুমান করা যাচ্ছে।
চাঁদার জন্য মানুষকে পাথর মেরে হত্যা করে লাশের ওপর নৃত্য করতে দেখেছি। নির্বাচন কমিশনে গিয়ে মারামারির ঘটনাও দেখেছি। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব বক্তব্য দিচ্ছেন।”
সমাবেশে পীর সাহেব চরমোনাই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন এবং ভবিষ্যতের রাজনৈতিক দৃশ্যপট সম্পর্কে সতর্ক করেন। তিনি দাবি করেন, সরকার দেশের জনগণকে আরও বেশি ধোঁকা দিতে পারে না এবং জনগণের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে হবে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের পাশাপাশি জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা, হেফাজতে ইসলামের শীর্ষ নেতা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা দেশের জনগণের অধিকার আদায়ের পক্ষে অবস্থান নেন এবং সরকারকে জনগণের সঙ্গে জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
এছাড়া, সমাবেশ শেষে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন পীর সাহেব চরমোনাই। প্রার্থীরা হলেন—ইঞ্জিনিয়ার আশরাফুল আলম (কুমিল্লা-১) ও মুফতি তাইজুল ইসলাম (কুমিল্লা-২)।