ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী ও শাখা সভাপতি এসএম ফরহাদ সব ছাত্রসংগঠনকে “কাদা ছোড়াছুড়ি” থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা সবাই জুলাই আন্দোলনে একসঙ্গে ছিলাম, আগামীতেও থাকব। ডাকসুতে আপনি বা আমি—কে জিতবে এই ফ্রেমিং করবেন না; এখানে জিতবে শিক্ষার্থীরাই। তারা আমাকে চাইলে আমাকে ভোট দেবে, আপনাকে চাইলে আপনাকে দেবে। তবে কাদা ছোড়াছুড়ি করবেন না—যিনি করবেন, তাঁকে ছুড়ে ফেলবে ছাত্রলীগের মতো।”
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় একই প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী আবু সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ফরহাদ বলেন, “সত্য থাকলে সাহসের সঙ্গে, কোনো লুকোচুরি ছাড়া তা-ই বলবেন।
কিন্তু একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করলে শিক্ষার্থীদের যে বিরক্তি তৈরি হয়েছে, তা স্থায়ী হয়ে যাবে। শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ‘ফোবিয়া’ বানাবেন না। আমরা সবাই মিলে জিততে চাই—অর্থাৎ শিক্ষার্থীদের জয়ী করতে চাই।”
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে ঘিরে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন, আজকেই মামলা করুন। আপনার যদি লিগ্যাল টিম না থাকে বা আর্থিক সামর্থ্য না থাকে, আমাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন।
কিন্তু হঠাৎ করে বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে কোনো লাভ নেই। সত্যিকারের অভিযোগ থাকলে আইনি সহায়তা নিন—আমরা আপনাকে সব ধরনের সহায়তা করব।”
ফরহাদের ভাষ্য, ডাকসু নির্বাচনকে ইস্যুভিত্তিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক প্রতিযোগিতা হিসেবে এগিয়ে নিতে সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে। তিনি সবাইকে “সত্যভিত্তিক প্রচারণা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং আইনি পথে আপত্তি জানানোর” আহ্বান জানান। তাঁর দাবি, “ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম; সংগঠন নয়, শিক্ষার্থীর স্বার্থই এখানে প্রথম।”