অভিনেতা স্বাধীন খসরু আবারও আলোচনায় এসেছেন। দর্শকপ্রিয় নাটকের অভিনেতা হলেও সাম্প্রতিক সময়ে তাকে নাটকের পর্দায় খুব একটা দেখা যায় না, বরং সামাজিক যোগাযোগমাধ্যমেই তিনি এখন বেশি সক্রিয়। নানা সময়ে নিজের মতামত প্রকাশ করে অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন তিনি।
সম্প্রতি এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য করার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন স্বাধীন খসরু। অনেকে তার আচরণের কড়া সমালোচনা করেন। বিষয়টি নিয়ে অনুরাগীদের কাছে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন তিনি।
রবিবার (২৪ আগস্ট) আবারো নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন অভিনেতা। ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“হারানো স্মৃতি, পুরনো মোমবাতি, শুধু এক দীর্ঘশ্বাস। ভাবছিলাম দেশটা আমেরিকা হয়ে যাবে। আদতে হইলো পাকিস্তান। আফসোস! আফসোস!”
ভিডিওটির ক্যাপশনে একই কথা লিখে তিনি অনুরাগীদের তা শেয়ার করার আহ্বান জানান।
ভিডিও বার্তার পরপরই তার অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। কেউ তাকে সমর্থন দিয়ে মন্তব্য করেন—
“পাকিস্তান হতে দিব না ইনশাল্লাহ।” আবার কেউ কটাক্ষ করে লিখেছেন— “বিদেশে বইসা যেমন দেশপ্রেমিক সাজা যায় না। তেমনি বাংলাদেশ কে যে যাই বলুক চেঞ্জ হবে না।”
এর আগে বিতর্কিত মন্তব্যের জেরে শুক্রবার রাতে স্বাধীন খসরু ‘অনুশোচনা’ শিরোনামে একটি পোস্ট দিয়ে ক্ষমা চান। তিনি লেখেন—
“গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, আমি সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। আমার কথায়, যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।”