সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে নিজ উদ্যোগে ও নিজ খরচে ফেরত দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্ধারিত সময়ের পর কারও কাছে পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ডিসি সারওয়ার জানান, এখনও কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় অনেকের কাছে লুট হওয়া সাদাপাথর মজুদ রয়েছে। এসব পাথর উদ্ধারের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমত, যাদের কাছে এখনো সাদাপাথর আছে, তারা মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে নিজের খরচে ভোলাগঞ্জে পৌঁছে দেবেন। দ্বিতীয়ত, স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারের অংশ হিসেবে এ কাজে সরাসরি দায়িত্ব পালন করবেন এবং যার যার এলাকায় খোঁজ নিয়ে পাথর ফেরত পাঠাবেন।
তৃতীয়ত, নির্ধারিত সময়ের পর অভিযান চালিয়ে কারও কাছে সাদাপাথর পাওয়া গেলে শুধু ওই ব্যক্তিই নয়, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ডিসি সারওয়ার আলম আরও জানান, বিষয়টি ইতোমধ্যেই মাইকিং করে দুই উপজেলার বাসিন্দাদের জানানো হয়েছে। তার সতর্কবার্তা অনুযায়ী, মঙ্গলবারের পর কারও কাছে সাদাপাথর পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “এ প্রক্রিয়ার মধ্যেই পাথর লুটের মূলহোতাদের আইনের আওতায় আনার কাজও চলবে।” প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে শুধু লুট হওয়া পাথর উদ্ধার নয়, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।