জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে সাথীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান। তিনি আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে বলা হয়, নাসির উদ্দিন সাথী মাইটিভির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে থেকে আওয়ামী সরকারের স্বার্থে কাজ করেছেন এবং বিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন।
বাবু হত্যাকাণ্ডে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত পাওয়া গেছে যা যাচাই-বাছাই চলছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
গত রোববার গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার পাকা রাস্তায় আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এতে নাসির উদ্দিন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।
আদালতের এ আদেশের মাধ্যমে আপাতত কারাগারেই থাকতে হবে নাসির উদ্দিন সাথীকে।