এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, “শুধু বক্তব্য দেবেন, শুধু ভোট চাইবেন, নাকি গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে বিচারের রূপরেখা দেবেন?”
শুক্রবার (২১ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’-এর মানববন্ধনে তিনি এ কথা বলেন। এ সময় মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও উপস্থিত ছিলেন।
ফুয়াদ বলেন, জনগণ বিএনপির কাছে পরিষ্কার জানতে চায়—ক্ষমতায় গেলে গুম হয়ে যাওয়া পরিবার ও খুনের শিকারদের জন্য কী করবেন? তিনি প্রশ্ন রেখে বলেন, “শুধু বক্তব্য আর প্রতিশ্রুতি কি যথেষ্ট, নাকি বাস্তব রূপরেখা থাকবে?”
তিনি বিএনপিকে আহ্বান জানান—বিশেষজ্ঞ ও ‘মায়ের ডাক’-এর পরিবারগুলোর সঙ্গে এখনই বসে গুম-খুনের বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। যাতে ক্ষমতায় গিয়েই দ্রুত কাজ শুরু করা যায়। “আগামী বছর গুম হওয়া পরিবারগুলো যাতে আবারও রাস্তায় না দাঁড়ায়, সেই নিশ্চয়তা চাই আমরা।”
ফুয়াদ অন্তর্বর্তী সরকারকেও উদ্দেশ্য করে বলেন, যেসব পরিবার গুমের শিকার হয়ে আপনার ক্ষমতার ভিত্তি তৈরি করেছে, তাদের কান্না শোনার জন্য গণশুনানির আয়োজন করতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনা ছাড়া ন্যায়বিচার হবে না।
তিনি প্রস্তাব করেন, গুম-খুনের ঘটনার বিচার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন বাহিনী ও আমলাদের নিয়ে একটি বিশেষ ইউনিট গঠন করা হোক। “গুম হওয়া পরিবারগুলোর কথা শুনতে হবে, সেই ভিত্তিতেই বিচারের কার্যক্রম শুরু করতে হবে।”