বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল অনবরত পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির কথা বলছে। কিন্তু সাধারণ জনগণ কি জানে, এই পিআর মাথায় নারকেল তেলের মতো দেয় নাকি সাবানের মতো শরীরে মাখে?
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আপনার এলাকায় কে এমপি হবেন তা জানার অধিকার জনগণের আছে। যে ভালো মানুষ এলাকায় থাকে, সুখে-দুঃখে পাশে দাঁড়ায় তাকেই মানুষ নির্বাচিত করতে চায়। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট হলে দল বাছাই করে দেবে।
এতে অনৈতিক ঘটনা ঘটতে পারে, দুর্নীতিবাজ ও অযোগ্যরা নমিনেশন পেয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।
তিনি বলেন, গত ১৬ বছরে বিএনপিসহ সমমনা দলগুলো গণতন্ত্রের জন্য লড়াই করেছে। খুন, গুম, মামলা, হামলার শিকার হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেই সংগ্রামের সবকিছুই বিফলে যাবে। শেখ হাসিনা যা চাইছেন, পিআর অনেকটা সেই কৌশল বলেই মনে হচ্ছে।
বিএনপি সংস্কারের বিরোধী নয় উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি সংস্কার আলোচনায় বিএনপি উপস্থিত থেকেছে। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনে যাওয়ার কথা তারা বলেছে। তবে নির্বাচন যেন দীর্ঘায়িত না হয়, সেটিও বারবার স্পষ্ট করা হয়েছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।
তিনি আরও বলেন, গণতন্ত্র মানে জনগণের অংশগ্রহণ। পিআর পদ্ধতি জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করবে। এ কারণে বিএনপি এটিকে কোনোভাবেই সমর্থন করে না।