বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন,
“দুই বেলা অনেকের ভাগ্যে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংসবিলাস আমাদের কষ্ট দেয়।”
বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আলাল বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছে তারাই সবার আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তিনি প্রশ্ন রাখেন, তারা আসলে কী চাইছে? পিআর চাইছে নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাইছে? তারাই বিষয়টিকে ঘোলাটে করে ফেলছে।
বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন আলাল। এ সময় তিনি বলেন, যারা বলছে নির্বাচন হতে দেবে না, তারা নিজেদের অপরিপক্বতা থেকেই এমন বক্তব্য দিচ্ছে। তরুণ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিজ্ঞ ও সৎ বয়োজ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আচার-আচরণে সংযত হতে হবে, এভাবেই গণতন্ত্রের বিকাশ সম্ভব।
তিনি আরও বলেন,
“আমরা চাইব—ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ একাউন্টেবল গভর্নমেন্ট (দায়বদ্ধ সরকার) না থাকায় দেশে বিনিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে।”
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।