অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স – মালয়েশিয়া চ্যাপ্টার।
সফরকালে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া তিনি বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের অন্যতম আকর্ষণ হবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট, যেখানে ৩০০-র বেশি প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করবেন। এ মহাসমাবেশে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং সাধারণ প্রবাসী জনসাধারণ উপস্থিত থাকবেন।
এ সফরের আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, প্রবাসীদের অধিকার, সামাজিক দায়বদ্ধতা, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, এই সফরের মূল উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের নতুন সম্ভাবনা প্রবাসীদের সামনে তুলে ধরা এবং রাষ্ট্রগঠনে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের কেন্দ্রীয় সদস্য মো. এনামুল হক বলেন, নাহিদ ইসলামের সফর প্রবাসীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং তাদের রাষ্ট্রগঠনে ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে।
অপর এক সদস্য আলমগীর চৌধুরী আকাশ মনে করেন, এই সফর থেকে প্রবাসীরা নতুন দিকনির্দেশনা ও উদ্দীপনা পাবেন, যা বাংলাদেশকে এগিয়ে নিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সফরকে ঘিরে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রবাসীরা আশা করছেন, এই সফর তাদেরকে দেশের রাজনৈতিক অগ্রযাত্রার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।