বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, জনগণ এবার আর কোনো ভোট ডাকাত ও লুটেরাদের ভোট দেবে না। কোনো চক্রান্ত কিংবা ষড়যন্ত্রের কাছে মাথানত করা যাবে না।
বুধবার (২০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আল হেরা কমপ্লেক্সে জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এটিএম মা’ছুম বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে প্রয়োজনে আন্দোলনে যেতে হবে। তিনি জানান, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য জুলাই ঘোষণা ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একইসঙ্গে জামায়াতের ঘোষিত ৭ দফা মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তার ভাষ্যে, বাকশালের বুলেটিনখ্যাত সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীতে সংস্কার জরুরি।
অতীতে স্বৈরাচার আমলে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাদ দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দিতে হবে। অন্যথায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আব্দুস সাত্তার এবং কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন। জেলা আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম সঞ্চালনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্যরা, উপজেলা ও পৌরসভা কমিটির নারী-পুরুষ সদস্যরা এবং জামায়াতের বেশ কয়েকজন প্রার্থী। তারা সকলেই নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে ধরেন এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।