আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (২০ আগষ্ট) সকালে তিনটি গ্রুপ পৃথকভাবে র্যালি ও সভার আয়োজন করে। সকালে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সেনবাগ উপজেলার সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক গ্রুপের উদ্যোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান তুহিনের সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন।
অপরদিকে দুপুরে বিএনপি নেতা আবদুল মান্নান গ্রুপের পক্ষ থেকে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোহাম্মদ জুলেট। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপু।
বিকালে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থকরা র্যালি ও সভার আয়োজন করে। এসময় তাদের কয়েকশো নেতা কর্মী উপস্থিত ছিলেন।
৩টি সভাতেই বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী অংশ নেন।