চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আব্দুর জব্বার বলেছেন, “বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো মধু খাওয়ার স্বপ্ন দেখছে একটি শক্তি। শেখ হাসিনা অনেক মধু খেয়েছিল, কিন্তু সেই মধু হজম করতে পারেনি। সে আজ পালিয়ে গিয়ে দিল্লিতে অবস্থান করছে।”
বুধবার (২০ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী লিডারশিপ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন দেশের মানুষের কাছে একটি জনপ্রিয় দল। গরিব, অসহায় ও দিনমজুর মানুষ থেকে শুরু করে রিকশাচালক-শ্রমিকরা জামায়াতকে ভালোবাসছে। এ বিজয় দেশের জনগণ দেখতে পাচ্ছে। কিন্তু বাংলাদেশের একটি শক্তি এটি মেনে নিতে পারছে না।”
আব্দুর জব্বার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগামীতে যারা ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার জন্য টালবাহানা করতে চাচ্ছে, তাদেরকে জানিয়ে দিতে চাই—এ বাংলাদেশে আর অন্যায়ভাবে কেউ মধু খেতে পারবে না।”
দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা শাহাজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। প্রশিক্ষক হিসেবে অংশ নেন রফিকুজ্জামান রুমান ও খন্দকার জাকারিয়া আহমেদ।
এসময় ফটিকছড়ি ও ভূজপুর থানা জামায়াতের আমির, সেক্রেটারি, জেলা পর্যায়ের নেতারা এবং শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। কর্মশালায় নির্বাচন পরিচালনার কৌশল, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করার দিকনির্দেশনা দেওয়া হয়।
জামায়াত নেতাদের দাবি, দেশের রাজনীতিতে তাদের প্রভাব বাড়ছে এবং জনগণের সমর্থনেই তারা আগামীতে শক্ত অবস্থান তৈরি করবে।