নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় নুরুজ্জামান (২৯) নামের এক সিএনজি চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশেই তার সিএনজিটি পাওয়া যায়। বুধবার সকালে উপজেলার আদমপুর-দুল্লী সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে কেন্দুয়া থানার পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে কেন্দুয়া-মদন সড়কে ভাড়ায় সিএনজি চালাতেন।
মরদেহর পরিচয় সনাক্ত করেন নিহতের চাচা মুকুল মিয়া।
নিহত নুরুজ্জামান উপজেলার নওপাড়া ইউনিয়নের পাচহার (বড়বাড়ী) গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার পাচহার গ্রামের বাসিন্দা নুরুজ্জামান। দীর্ঘদিন ধরে তিনি কেন্দুয়া থেকে মদন সড়কে সিএনজি চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে নুরুজ্জামান বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হন।
রাতে আর বাড়ি ফিরেন নি তিনি। বুধবার সকালে স্থানীয় লোকজন আদমপুর-দুল্লী সড়কের পাশে সেতু কাছে থেকে তার লাশ দেখতে পান। পরে তারা কেন্দুয়া থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের চাচা মুকুল মিয়া জানান, নুরুজ্জামান মঙ্গলবার সকালে সিএনজি নিয়ে বের হয়। রাতে সে বাড়ি ফিরে নি। তাকে ফোনেও পাওয়া যায় নি। নুরুজ্জামানের গলা ও পেট কাটা সহ শরীরে উপর্যুপরি আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, নুরুজ্জামান নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গলা কাটা সহ তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।