বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা নির্বাচন নিয়ে বারবার টালবাহানা করেছে বলেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখনো যদি কেউ নির্বাচন নিয়ে টালবাহানা করার চেষ্টা করে তবে বাংলার মাটিতে তার অবস্থান থাকবে কিনা—তা নিয়ে সন্দেহ রয়েছে।
সোমবার (১৮ আগস্ট) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন আয়োজিত মাধ্যমিকের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অথচ একজন শিশুতোষ মানসিকতার ব্যক্তি বলে বেড়াচ্ছে নির্বাচন হবে না। এটা দেশের জনগণকে অবজ্ঞা করা এবং অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করে এ দেশের মানুষ তার প্রতিবাদ করবে এবং সে রাজনীতি থেকে হারিয়ে যাবে। এর কোনো বিকল্প নেই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির এডহক কমিটির অভিভাবক সদস্য মো. সোহেল লস্কর, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার এবং নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন। এতে শতাধিক অভিভাবক ও শিক্ষক অংশ নেন। বক্তারা শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা, অভিভাবক-শিক্ষকের যৌথ ভূমিকা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ওপর গুরুত্ব আরোপ করেন।