আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স।
সংগঠনটি তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেছে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয়, বরং ১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের প্রচারণাতেও অর্থ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
রোববার (১৭ আগস্ট) দেওয়া আলটিমেটামে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে বলা হয়েছে—“আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা সময় বাকি। তিনি দেশে অবস্থান করছেন, এ সংক্রান্ত প্রমাণও রয়েছে।
কোনো নাটক নয়, সরাসরি গ্রেফতার করতে হবে।” তবে এই দাবির বিষয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
অন্যদিকে সোমবার (১৮ আগস্ট) ঢাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তথ্যমতে, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ওই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি। মামলার তালিকায় দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
এই মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বরে রয়েছেন তার বাবা নাসির উদ্দিন সাথী। মামলায় আরও প্রায় ১৫০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আলটিমেটামের পর সরকার কী সিদ্ধান্ত নেয়, তা এখন সবার নজরে।