বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করছে এবং রাতের ভোটের পক্ষে, তারাই নির্বাচনে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা যারা পিআর পদ্ধতি ও সংস্কারের দাবি তুলেছি, তারা আবারও ঐক্যবদ্ধ হয়ে এই দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, জনগণের রক্ত ও আন্দোলনের ফসল যারা ক্ষমতায় গিয়ে গ্রহণ করেছিল, তারা এখন জনগণের আশা ভঙ্গ করেছে। অথচ প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন সংস্কার শেষে নির্বাচন হবে। কিন্তু এখন সংস্কারকে পাশ কাটিয়ে সময় ঘোষণা করা হচ্ছে।
তাহের প্রস্তাব করেন, পিআর পদ্ধতি এবং নির্বাচনের সময়সূচি নিয়ে গণভোট আয়োজন করা হোক। জনগণই ঠিক করবে কোন পথে এগোবে বাংলাদেশ। তিনি আরও বলেন, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, জনগণের সমর্থন দিনে দিনে পরিবর্তিত হচ্ছে। তাই জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন বৈধ হবে না।
বিএনপি ও সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তাহের বলেন, ইন্টার-পার্টি ডায়ালগ ও রাউন্ডটেবিল আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশকে একটি সত্যিকারের উৎসবমুখর নির্বাচনের দিকে নিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সেমিনারে জামায়াতের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের প্রতিনিধি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।