কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের অভিযোগ করেছেন, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর আড়ালে একটি ভয়াবহ ষড়যন্ত্র লুকিয়ে ছিল।
রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, এটি ছিল একটি “ওয়েল কো-অর্ডিনেটেড ক্যাম্পেইন”।
জুলকারনাইনের মতে, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সেলিব্রেটিদের মাধ্যমে শেখ মুজিবকে গ্লোরিফাই করা হলেও এতে সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়েছে মুজিব আমলের দুঃশাসন, রক্ষীবাহিনীর হত্যাযজ্ঞ, ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ ও রাজনৈতিক দমন-পীড়নের ইতিহাস।
তার অভিযোগ, আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। বিশেষ করে এমন সেলিব্রেটিদের দিয়ে পোস্ট করানো হয়, যাদের প্রকাশ্যে আওয়ামী লীগপন্থি ভাবা যায় না। উদ্দেশ্য ছিল— সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং অন্য শিল্পীদেরও একই ধারায় পোস্ট দিতে বাধ্য করা।
তিনি আরও বলেন, ১৫ আগস্টের শোক প্রকাশকে ব্যবহার করে আওয়ামী লীগ তাদের গত ১৬ বছরের অপকর্ম ঢেকে রাখতে চেয়েছে। এ সময় তিনি রক্ষীবাহিনীর নৃশংসতা, দুর্নীতি, একদলীয় শাসন ও দুর্ভিক্ষে লাখো মানুষের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরেন। তার মতে, এসব ঘটনা ১৯৭৫ সালের জনরোষের মূল কারণ ছিল।
জুলকারনাইন সতর্ক করে বলেন, এটি কেবল একটি স্মরণ নয়, বরং রাজনৈতিক পুনর্বাসনের ষড়যন্ত্র। তিনি দাবি করেন, এভাবে আওয়ামী লীগ আবারও জনমনে বিভ্রান্তি তৈরি করতে চাইছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালাচ্ছে। তাই তিনি দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।