গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর স্কুল মাঠ প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) আয়োজিত এ সভায় বিপুল জনসমাগম হয়, যেখানে মাঠে তিল ধারণেরও ঠাঁই ছিল না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ।
সভাপতিত্ব করেন শাহাদাত হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন মহেশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের সঙ্গে কখনো আপোষ করিনি। এজন্য মামলা-মোকদ্দমা, জেল খেটেছি; তবুও জনগণের পাশ থেকে সরিনি।” তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, নিরপরাধ মানুষকে যেন হয়রানি না করা হয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
যুবদলের সাবেক সহ-সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী বলেন, “আসন্ন নির্বাচনে মহেশপুর ইউনিয়নের কৃতি সন্তান সেলিমুজ্জামান সেলিমকে ভোট দিয়ে জয়ী করার মাধ্যমে এলাকার উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে।”
স্থানীয় জনসাধারণও সমাবেশে একাত্মতা প্রকাশ করে বলেন, “অনেক অতিথি পাখি এসেছে আওয়ামী লীগ পুনর্বাসনে। কিন্তু সেলিম সবসময় আমাদের পাশে ছিলেন। আমরা ৩৫ হাজার ভোট দিয়ে তাকে পুরস্কৃত করব।”
এছাড়া মোকসেদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ সেলিমুজ্জামান সেলিমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকলেও সাম্প্রতিক সময়ে বিএনপির তৎপরতা এবং এই সমাবেশে জনস্রোত রাজনৈতিক মহলে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। আসন্ন নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।