বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিগত সময়ে এমন ব্যক্তিরাও সংসদ সদস্য হয়েছেন যারা জনগণের ভাগ্য পরিবর্তনের কথা না বলে সংসদে গান পরিবেশন করেছেন। তিনি উদাহরণ টেনে বলেন, “মমতাজ সংসদে গান গাইতো, আবার এমনও এমপি হয়েছে যারা স্ক্রিপ্ট লিখে দেওয়ার পরও দেখে দেখে পড়তে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা করতো। অথচ তারাই নেতৃত্ব দিয়েছে।”
শনিবার (১৬ আগস্ট) কুড়িগ্রামের উলিপুর উপজেলার মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃতি শিক্ষার্থী ও এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উলিপুর উন্নয়ন ফোরাম।
জাহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। কিন্তু গত ১৫ বছরে যে লুটপাট হয়েছে, যে অর্থ বিদেশে পাচার হয়েছে, তা দিয়ে অন্তত চারটি বাজেট ঘোষণা করা যেত। আজ একজন সরকারি অফিসের সামান্য পিয়নও দুর্নীতির মাধ্যমে ঢাকায় ২০ তলা ভবনের মালিক হয়েছে। কৃষকের কষ্টার্জিত অর্থই লুটপাটকারীরা ভোগ করছে।”
তিনি শহীদ আবু সাঈদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, “আবু সাঈদ আমাদের শিখিয়েছেন কিভাবে জালিমের বিরুদ্ধে দাঁড়াতে হয়। বুলেটের সামনে থেকেও তিনি বলেছিলেন—‘আমি জীবন দেব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।’”
শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি বলেন, “আজকের শিক্ষা ব্যবস্থায় জিপিএ-৫ পাওয়া সবার জন্য সমান সুযোগ নেই। তাই প্রতিটি শিক্ষার্থীকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। যোগ্য হয়ে উঠতে পারলেই সমাজে নেতৃত্ব দেওয়া সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ্ হোসাইন আহমদ মেহেদীসহ জেলা ও উপজেলা জামায়াত-শিবির নেতৃবৃন্দ।