মোঃ হাচান আল মামুন দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শিব মন্দির থেকে শুরু হয়ে বোয়ালখালী নারায়ন মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এরপর আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা। সভায় বক্তব্য রাখেন উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মিটু চৌধুরী, সাধন ঘোষ, সুখলাল ব্রহ্মচারী, চিত্ত রঞ্জন দেব নাথ, শিবু চন্দ্র দে প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ ও জীবন দর্শন তুলে ধরে বলেন, ন্যায়, ধর্ম, সত্য ও কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ আজও সকল যুগে প্রাসঙ্গিক। তাঁর শিক্ষা মানব সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেয়।
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভক্তবৃন্দ পূজা-অর্চনা, কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন।