বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে। কোনো দল চাই বা না চাই, দেশের জনগণ এই পদ্ধতিকে গ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টায় নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, “পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে দাবি করছে না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলেছিলেন। একটি হলো তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। অতীতে নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবার সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।”
তিনি আরও দাবি করেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত নির্বাচনী ব্যবস্থার মধ্যে পিআর পদ্ধতিই সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। তার ভাষায়, “বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এটি কার্যকর হলে বাংলাদেশেও অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হবে।”
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।