খুলনার ডুমুরিয়া উপজেলার লাইনবিলপাবলা গ্রামে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার টাকা জোগাড় না হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে মেধাবী শিক্ষার্থী অনামিকা। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনামিকা রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে রায়েরমহল মহাবিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। কয়েকদিন ধরে বাবার কাছে ভর্তি ফি চাইছিলো সে। কিন্তু দিনমজুর পিতা আনন্দ বিশ্বাস সংসারের অভাবের কারণে তা জোগাড় করতে পারেননি। তিনি মেয়েকে আশ্বস্ত করেছিলেন, কয়েকদিনের মধ্যে টাকা দেবেন। কিন্তু সহপাঠীদের ভর্তি হয়ে যাওয়া এবং সময় ফুরিয়ে আসায় অভিমানে বাড়ির সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অনামিকা।
গুটুদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম জানান, অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিচ্ছে, এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। তিনি হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য বাজেট রাখার প্রস্তাব স্থানীয় প্রশাসনের কাছে দিয়েছেন। আনন্দ বিশ্বাসের পরিবারে প্রতিবন্ধী শিশু ও পাঁচ সদস্যের ভরণপোষণ একাই সামলাতে হয় তাকে, যা তার পক্ষে ভর্তির টাকা জোগাড় করা কঠিন করে তুলেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল তৈরি করছিল।