জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, দেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে যুবসমাজ, কিন্তু দেশ গঠনের সময় প্রবীণরা বারবার তাদের সাথে প্রতারণা করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র আয়োজনে জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
মাসউদ বলেন, “আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ ও পাকিস্তানের শাসন থেকে মুক্তি এনে দিয়েছে। আমরা যুবকরা দিল্লির প্রভাব থেকে দেশকে মুক্ত করেছি। স্বাধীনতার পর সবচেয়ে রক্তক্ষয়ী বিপ্লবও করেছে আমাদের যুব সমাজ। সবাই এক উদ্দেশ্যে রাজপথে নেমেছিল— দেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করা।”
তিনি আরও বলেন, “যুবকরা বুক পেতে শহীদ হয়েছে, কিন্তু প্রবীণরা বারবার তাদের সঙ্গে প্রতারণা করেছে। যারা আমাদের শিশু মনে করে, তারা বলে বাংলাদেশ বাচ্চাদের হাতে নিরাপদ নয়। অথচ এই বাচ্চারাই জীবন দিয়ে নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে।”
এনসিপির এই নেতা জানান, যুবক ও প্রবীণদের সহযোগিতায় তারা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে প্রস্তুত। তিনি বিশ্বাস করেন, নতুন প্রজন্মের সাহস ও ত্যাগ এবং অভিজ্ঞ প্রজন্মের জ্ঞান ও দক্ষতার সমন্বয়েই একটি নিরাপদ, সমৃদ্ধ ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জাতীয় যুব সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা যুব সমাজের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তাদের হাত ধরেই আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।