আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার সকালে ঢাকা-৩ আসনের অন্তর্গত দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩ নং) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনকে উৎসবমুখর ও সুশৃঙ্খল রাখতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রতিটি কেন্দ্রে আলাদা বুথ থাকবে। ছেলে-মেয়েদের জন্য আলাদা বুথের পাশাপাশি নারী ও পুরুষের জন্যও পৃথক বুথ থাকবে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেক আগে থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। নির্বাচনি দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা থাকবে, যা জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণে ব্যবহৃত হবে।
বর্তমানে পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে কিছু বডি-অর্ন ক্যামেরা রয়েছে। আসন্ন নির্বাচনের জন্য নতুন করে ৪০ হাজার ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো দলের চাঁদাবাজদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাব-১০ সদর দপ্তর ও কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। কারাগার পরিদর্শনকালে বন্দিদের খাদ্য, বসবাস ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পরে কেরাণীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।