যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়,
গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কারের রূপরেখা নিয়েও মতবিনিময় করা হয়।
এনসিপির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে অবহিত করা হয় জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই পদযাত্রাসহ সাম্প্রতিক দলীয় কর্মকাণ্ডের বিষয়ে।
তারা উল্লেখ করেন, এসব কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক সংস্কার এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিতের লক্ষ্যে গৃহীত হয়েছে।
বৈঠকে এনসিপি নেতারা আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।