নোয়াখালীর কবিরহাটে রডবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগে সোলায়মান সুজন নামে এক যুবদল কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) রাতে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা রুজু করা হয়। এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবোঝাই ট্রাকে ছিনতাইয়ের ঘটনায় অনলাইন ট্র্যাকারের মাধ্যমে ট্রাকটি উদ্ধার ও তাদের আটক করা হয়। সবশেষ সোমবার তাদের আদালতে সোপার্দ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন-সোলেমান সুজন (৩৫) ও আবু ছায়েদ (৪৫)।
এদের মধ্যে সোলেমান সুজন কবিরহাট উপজেলার মধ্য সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান ওরফে আনন্দ মাস্টারের ছেলে ও যুবদলকর্মী হিসেবে এলাকায় পরিচিত। আবু ছায়েদ কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে আবু ছায়েদ (৪৫)।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ট্রাকটি ছিনতাই করে কবিরহাট এলাকায় নিয়ে আসেন আসামিরা। খবর পেয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করে অনলাইন ট্র্যাকারের মাধ্যমে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে রডবোঝাই ট্রাক উদ্ধার ও তাদের আটক করা হয়।
এ ঘটনায় যুবদল কর্মী সোলায়মান সুজনকে আজীবনের জন্য যুবদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন সুমন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।