জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (১০ আগস্ট) দুপুর প্রায় সাড়ে তিনটায় সিনেট ভবনে সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।
জাকসুর গঠনতন্ত্রের ৮ (খ) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১০ আগস্ট ২০২৫ খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। ১৪ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১৮ ও ১৯ আগস্ট সকাল ০৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জমা দিতে পারবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বুধবার বিকাল ৪ টায়।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৯ আগস্ট বিকাল ৪ টায়।
তফসিলে আরও বলা হয়, আগামী ২৯ আগস্ট বিকাল ৪টা থেকে ০৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।
সবকিছু শেষে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। অতঃপর ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের সদস্য জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।