জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফর নিয়ে শোকজ পাওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, দলীয় অনুমতি নিয়েই সফরে গিয়েছিলেন তারা। ৪ আগস্ট রাতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর মাধ্যমে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে অবহিত করা হয়েছিল এবং তিনি সম্মতিও দিয়েছিলেন।
হাসনাত অভিযোগ করেন, পরদিন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও কিছু মিডিয়া তাদের সফরকে বিকৃতভাবে উপস্থাপন করে। এমনকি পিটার হাসের সঙ্গে বৈঠকের মতো ভিত্তিহীন গুজবও ছড়ানো হয়, যা গণতন্ত্রবিরোধী চক্রান্ত হিসেবে সাজানো হয়েছিল।
তিনি বলেন, এসব মিথ্যা প্রচারের বিরুদ্ধে দলেরই উচিত ছিল আমাদের পক্ষে অবস্থান নেওয়া। বরং শোকজের ভাষা এমনভাবে রচিত হয়েছে, যা গোয়েন্দা সংস্থা ও কিছু অসৎ মিডিয়ার ষড়যন্ত্রকে উসকে দিয়েছে।
হাসনাত আরও জানান, জুলাই ঘোষণাপত্রে অনেক শহিদ, আহত এবং নেতৃত্বদানকারীদের অবদানকে উপেক্ষা করা হয়েছে। ঘোষণায় নতুন সংবিধান প্রণয়নের যে আকাঙ্ক্ষা ছিল, তাও প্রতিফলিত হয়নি।
তিনি এটিকে “অসম্পূর্ণ ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ” বলে উল্লেখ করেন। তাসনিম জারাকে নিয়ে সামাজিক মাধ্যমে চলা কুরুচিপূর্ণ আক্রমণেরও নিন্দা জানান হাসনাত।
শেষে তিনি বলেন, “আমি দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করিনি। এই শোকজ বিধিবহির্ভূত। এনসিপি যেন গণতান্ত্রিক সহনশীলতার ভিত্তিতে পরিণত দল হয়ে উঠতে পারে—এই প্রত্যাশা করি।”