বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ‘ভুল’ স্বীকার করে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, “১৯৭১-এ আপনারা যে ভুল করেছিলেন, সেটি সংশোধনের সুযোগ এখনো আছে। এখনো কেউ ক্ষমা চাননি। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের কিছু ভুল মোচন হবে। কিন্তু যদি রাস্তায় নেমে নির্বাচন প্রতিহতের পথে যান, সেই ভুল আরও বড় হবে।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে একসময় বিএনপি জামায়াতের পাশে ছিল। তখন আপনাদের মানুষের কাছে আসার সুযোগ হয়েছিল। বিএনপি জাতীয় স্বার্থে আপনাদের পাশে দাঁড়িয়েছিল—সেটি মনে রাখলে আপনার জন্যই মঙ্গল হবে।”
বিএনপিকে দেশের একমাত্র শেকড়বহুল দল দাবি করে দুদু বলেন, “যেখানে ১০ জন আছে, সেখানে ৬-৭ জন বিএনপির। আওয়ামী লীগ ছিল, হারিয়ে গেছে। বিএনপি যদি উঠে দাঁড়ায়, তারা নিজেরাই দেশ রক্ষা করতে পারবে।”
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি ড. ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব। বিএনপি এই নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করে। কিন্তু কেউ কেউ এই নির্বাচন প্রতিহত করতে চায়, যা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।”
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ প্রমুখ।