আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় ও প্রস্তুতি নির্ধারণ।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে নির্বাচন প্রস্তুতির বিষয়টি পরিষ্কারভাবে বলেছেন। তার ধারাবাহিকতায় আজকের এই বৈঠকে নির্বাচনী লজিস্টিকসহ মাঠ পর্যায়ের প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।”
তিনি বলেন, “নির্বাচনের সময় প্রার্থীরা পছন্দের কর্মকর্তাদের চাইতে পারেন। তবে এবার সেই সুযোগ থাকবে না। আমরা গণমাধ্যমের সামনে বসে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের বদলি করব। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে সকল এসপি ও ওসিদের পোস্টিং হবে লটারির ভিত্তিতে। তারা যেখানেই থাকুক না কেন, সকলকে বদলি করে নতুনভাবে দায়িত্ব দেওয়া হবে যেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়।”
এই সিদ্ধান্তকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে নির্বাচনী সহিংসতা, প্রভাব বিস্তার ও প্রশাসনিক পক্ষপাতিত্ব অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।