বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না। কারণ, এর নামই অন্তর্বর্তী সরকার”—এ কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আলী রীয়াজ।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ শীর্ষক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
আলোচনায় সাংবাদিকদের সমালোচনা করে আলী রীয়াজ বলেন, “আমি বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করি—গত ১৬ বছর ধরে আপনারা যেসব নির্যাতন সহ্য করেছেন, সেই ইতিহাস পর্যালোচনার জন্য সাংবাদিক ইউনিয়ন বা সিভিল সোসাইটি মিলে কোনো উদ্যোগ নেননি কেন?”
তিনি বলেন, “আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে প্রশ্ন করুন—আপনি সাংবাদিক, না রাজনীতিবিদ? গত বছরের জুলাই আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের যে বৈঠক হয়েছিল, সেখানে কে কী বলেছিলেন তা তো আপনারাই জানেন। এটা কি সাংবাদিকতা?”
দেশের সাংবাদিক ইউনিয়নগুলোর দলীয় বিভাজনের কথাও তুলে ধরেন তিনি। বলেন, “বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট (ডিইউজে)—সব দলীয় রঙে রঙিন হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এগুলোর উত্তর খুঁজব না?”
এ সময় তিনি আরও বলেন, “দেশের একটি সম্পাদক পরিষদের বিপরীতে দাঁড় করানো হয়েছে আরেকটি সংগঠন, সেটা আসলে দলীয় বিবেচনায় রাজনীতির জন্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)-এর প্রেসিডেন্ট ও ‘তৃতীয় মাত্রা’ উপস্থাপক জিল্লুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন বাসস প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা, মাছরাঙ্গা টিভির সম্পাদক রেজাওয়ানুল হক রাজা, সাংবাদিক কাজী জেসিনসহ বিশিষ্টজনেরা।