গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পূর্ণ হলো মঙ্গলবার (৫ আগস্ট)। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন দীর্ঘ পোস্ট দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
ফেসবুক পোস্টে আসিফ লেখেন, “আজ ৩৬শে জুলাই (৫ই আগস্ট) রাজা লক্ষণ সেনের ৮১৮ বছর পর বিশ্বঘৃণিত ফ্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের মধ্য দিয়ে সফল জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে অভিনন্দন।” তিনি শ্রদ্ধা জানিয়েছেন জুলাই বিপ্লবের সকল শহিদ, আহত ও যোদ্ধাদের প্রতি।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের রেমিট্যান্স যোদ্ধাদের সময়োপযোগী সাহসী অবদানের জন্য স্যালুট। অদম্য ছাত্র, জনতা, শ্রমিক, শিক্ষক, সিপাহী, শিল্পী, সাহিত্যিক, কলাকুশলী, প্রতিটি পেশাজীবী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিপ্লবী অভিনন্দন।”
বিশেষভাবে আসিফ উল্লেখ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের কথা। তাদের অসামান্য প্রতিরোধ ও বীরত্বকে জাতির প্রতি এক অপরিসীম ঋণ বলে মনে করেন তিনি।
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করে আসিফ লেখেন, “গুম, খুন, লুটপাটের মাধ্যমে যারা দেশটিকে ধ্বংস করেছে—তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে।”
পোস্টের শেষে তিনি লেখেন, “ফ্যাসিস্টমুক্ত ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন সফল হোক, জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।”
উল্লেখ্য, আসিফ আকবর ‘ও প্রিয়া তুমি কোথায়’ গান দিয়ে সংগীতজগতে প্রবেশ করে দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। এখন তিনি কেবল গায়ক নন, বরং একজন সচেতন নাগরিক হিসেবে সামাজিক-রাজনৈতিক নানা বিষয়ে নিজের মত প্রকাশ করেও আলোচনায় থাকেন।