কক্সবাজারের ইনানীতে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্টে (পুরোনো নাম রয়েল টিউলিপ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার অবস্থান ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক।
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জনের প্রেক্ষিতে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে রিসোর্টের সামনেই প্রতিবাদ সভা করেছে বিএনপির নেতাকর্মীরা।
উখিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম সিরাজীর নেতৃত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তিনি অভিযোগ করেন, “যারা ভোটে ক্ষমতায় আসতে পারবে না, তারা এখন বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত। এই রিসোর্টে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আজ শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তিতে এই ধরনের তৎপরতা মানা যায় না।”
প্রতিবাদ শুরু হওয়ার আগে সকাল ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ডা. তাসমিন জারা, সাংগঠনিক নেতা নাসীরুদ্দীন পাটওয়ারি ও খালেদ সাইফুল্লাহ। পরে তাঁরা রয়েল টিউলিপের ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান নেন।
তবে কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফদ্দিন শাহীন সাংবাদিকদের জানান, “এই রিসোর্টে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে থাকা তিনজন বিদেশি নাগরিক চীনের।” প্রশাসনের কেউই এনসিপির আগমন সম্পর্কে আগে থেকে জানত না বলেও উল্লেখ করেন তিনি।
এনসিপির নেতারা সংবাদমাধ্যমে জানান, তারা কোনো বৈঠক করতে আসেননি, কেবল মাত্র ‘ঘুরতে এসেছেন’। তবে গুঞ্জন ও প্রতিবাদের ফলে ঘটনাটি আরও গভীরভাবে নজর কাড়ছে রাজনৈতিক মহলে।