রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপস্থাপিত হতে যাচ্ছে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক দলিল—‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এরইমধ্যে এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, তারা অনুষ্ঠানটির আমন্ত্রণ পেয়েছেন এবং ঐতিহাসিক এই মুহূর্তে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিনিধি দলে আরও থাকছেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ এই আয়োজনে ইসলামী আন্দোলনের অংশগ্রহণকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে। অনেকে বলছেন, গণআন্দোলনের ফলাফল হিসেবে গঠিত অন্তর্বর্তী সরকারের পথনকশায় দেশের শীর্ষস্থানীয় ইসলামপন্থীদের উপস্থিতি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠতে পারে।
সাংবিধানিক সংস্কার, দায়বদ্ধ সরকার এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ঘোষিত এই ‘জুলাই ঘোষণাপত্র’ ঘিরে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে দেশজুড়ে।