আবু তাহের,ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তীর্থ দাসকে চলাফেরায় সহায়তা করতে ইলেকট্রিক হুইল চেয়ার প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৪ আগস্ট) উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে রূপালী ব্যাংকের অর্থায়নে পাওয়া এই ইলেকট্রিক হুইল চেয়ারটি তীর্থের হাতে তুলে দেন।
চেয়ার হস্তান্তরকালে উপাচার্য বলেন, “এই ইলেকট্রিক হুইল চেয়ারের মাধ্যমে তীর্থ এখন নিজের চেষ্টায় চলাফেরা করতে পারবে। এতে তার দৈনন্দিন জীবন অনেক সহজ হবে এবং তার মায়ের পরিশ্রমও হ্রাস পাবে।
” তিনি রূপালী ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ব প্রতিশ্রুত অ্যাম্বুলেন্সটি দ্রুত সরবরাহের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম,
সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, রূপালী ব্যাংকের ময়মনসিংহ জোনাল অফিসের ডিজিএম নাসরিন সুলতানা, ত্রিশাল শাখার এজিএম মো. মাসুম, প্রিন্সিপ্যাল অফিসার মো. ইমরান হোসাইন এবং তীর্থের মা তাপসী রাণী দাস।
উল্লেখ্য, তীর্থ দাস শৈশব থেকেই ডুচেন মিসকুলার ডিসট্রফি (DMD) নামক একটি দুরারোগ্য রোগে আক্রান্ত। এই রোগে পেশি দুর্বল হয়ে ধীরে ধীরে চলাচল ক্ষমতা নষ্ট হয়ে যায়।
বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে অক্ষম। ইলেকট্রিক হুইল চেয়ার পেয়ে তীর্থ ও তার মা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রূপালী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।