গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান অভিযোগ করেছেন, সরকার অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা না করেই একপাক্ষিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছে। সোমবার (৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।
রাশেদ খান লেখেন, “আগামীকাল (মঙ্গলবার) মাননীয় প্রধান উপদেষ্টা ইতিহাস বিকৃত করে একতরফা একটি ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছেন, যেখানে অভ্যুত্থানে অংশ নেওয়া সংগঠনগুলোর মতামতের কোনো প্রতিফলন নেই।”
তিনি দাবি করেন, বিএনপিকেও অনুষ্ঠান ঘিরে এখনো কোনো দাওয়াত দেওয়া হয়নি—যদিও শেষ মুহূর্তে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।
তিনি আরও বলেন, “তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন—১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! অর্থাৎ সরকারের অভ্যন্তরে এমন কিছু অস্থিরতা তৈরি হয়েছে যার ফল শুভ নয়।” তিনি আশঙ্কা প্রকাশ করেন, “তৃতীয় কোনো পক্ষের হাত ধরে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারে, আর সেই পথে ফের রক্ত ঝরতে পারে।”
এদিকে ঐক্যমত কমিশনের সদস্য ইফতেখারুজ্জামানকে উদ্ধৃত করে রাশেদ খান লিখেছেন, “তিনি এনসিপিকে ‘কিংস পার্টি’ বলেছেন, যা কোনো সাধারণ মানুষের মন্তব্য নয়—বরং সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন তোলার মতো বিষয়।”
রাশেদ খান মনে করেন, সামনে হয়তো ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আরও জোরালো হবে। কিন্তু একপাক্ষিক ঘোষণাপত্র প্রকাশ রাজনৈতিক সংকটকেই আরও ঘনীভূত করবে।
তার এই পোস্ট রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, সরকার যদি সত্যিই অংশীজনদের উপেক্ষা করে, তবে তা ভবিষ্যতের ঐক্য প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।