ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন, কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ একটি ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক নেতাকর্মীদের দেখতে এসে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।
নাসির বলেন, “যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে লড়েছে, গত ১৭ বছরে জেল খেটেছে—তাদেরই আজ মিথ্যা মামলায় জেলে ঢোকাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ৫ আগস্টের পরেও তিনি নিজে তালিকা তৈরি করে নেতাকর্মীদের গ্রেপ্তারে ভূমিকা রেখেছেন। যেখানে গোটা দেশে ইতিবাচক রাজনীতি গড়ে উঠেছে, সেখানে মুরাদনগর আজও ব্যতিক্রম।”
তিনি আরও বলেন, ছাত্রদলের মুরাদনগর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের গ্রেপ্তারের খবরে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, যা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। অথচ মুরাদনগরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কারাগারে নেই, বরং বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মী এখনও জেলে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ দক্ষিণ জেলা, উত্তর জেলা এবং মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। কারাগারে সাক্ষাৎ শেষে নাসির, নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। ছাত্রদলের নেতারা বলছেন, “মুরাদনগরে বিএনপি রাজনীতি করতে গেলে এখন মাফিয়া অনুমতি নিতে হয়।”