জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে আয়োজিত ছাত্র সমাবেশে রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকার শাহবাগ মোড় পরিণত হয় রাজনৈতিক স্লোগানে মুখর এক জনসমুদ্রে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে এই কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে দেখা যায় ভিন্ন এক উত্তেজনা।
বিকেল ৩টা ১৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এরপর গাওয়া হয় জাতীয় সংগীত। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
দুপুর থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে দলে দলে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগে এসে জড়ো হতে থাকেন। অনেকেই দূরপাল্লার বাস থামিয়ে পায়ে হেঁটে বা মিছিল করে আসেন। মাথায় ব্যান্ড, হাতে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা নিয়ে তারা সরব হয়ে ওঠেন স্লোগানে—
‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’,‘জিয়ার সৈনিক এক হও’,‘স্বৈরাচার নিপাত যাক’,‘খালেদা জিয়া ভয় নাই’।
সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড় জনসমুদ্রে পরিণত হয়েছে। গণমাধ্যম কর্মীরা জানান, দুপুর ১টা থেকেই শহরের কেন্দ্রস্থলে অবস্থান নিতে থাকেন হাজারো কর্মী।
নেতাকর্মীরা জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল এই প্রজন্মের রাজনৈতিক চেতনার মোড় ঘোরানো একটি অধ্যায়। তাই বর্ষপূর্তির এই কর্মসূচি শুধু স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যৎ রাজনীতিতে ছাত্রদলের অবস্থান ও বার্তা জাতির সামনে তুলে ধরার একটি দৃঢ় প্রয়াস।
এই আয়োজনে ছাত্রদল নেতৃত্ব দিতে চায় একটি পরিবর্তনের রাজনীতির, যেখানে গণতন্ত্র, অধিকার ও স্বচ্ছতা থাকবে দৃশ্যমান।