জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ শুরু হওয়ার আগেই হঠাৎ বৃষ্টির কবলে পড়ে রাজধানী শাহবাগ। তবে তীব্র বৃষ্টিকে উপেক্ষা করেই অবস্থান করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৩ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টিপাত শুরু হলে কিছু নেতাকর্মী সাময়িকভাবে ছুটোছুটি করলেও পরে সকলেই আবার সমাবেশস্থলে ফিরে আসেন।
সমাবেশস্থল থেকে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মাইকে জানান, “যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাব না। শহীদের রক্তে ভেজা এই আন্দোলনের পথ ছেড়ে যাওয়া আমাদের শোভা পায় না।” তার এই আহ্বানে সাড়া দিয়ে বৃষ্টির মধ্যেই শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
বৃষ্টির কারণে রাস্তা খানিকটা স্লিপারি হলেও শাহবাগের চারপাশে তিল ধারণের ঠাঁই নেই। ঢাকার বাইরে থেকে আগত নেতাকর্মীরা ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করে শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন। ছাত্রদল জানিয়েছে, এই সমাবেশ গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের স্মরণে এবং দেশের রাজনৈতিক সংস্কারে ছাত্র সমাজের নতুন ম্যান্ডেট তুলে ধরার প্রয়াস।
সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম বিকেল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে। এতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ।
ছাত্রদলের নেতা-কর্মীদের এমন দৃঢ় মনোবল রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই আলোড়ন তুলেছে। সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত এই জমায়েত অনেকের কাছেই দেশের বর্তমান ছাত্র রাজনীতির একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।