মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
চাঁদপুরের শাহরাস্তিতে গাইনী চিকিৎসক ডা. তানজিনার ভুল চিকিৎসায় রিপা আক্তার(৩০) নামের চার সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। ক্ষুব্ধ আত্মীয়স্বজন ও জনতা শাহরাস্তি জেনারেল হাসপাতালে ভাঙচুর চালায়।
২রা আগষ্ট শনিবার সকালে ভাঙ্গচুরের ঘটনাটি ঘটে।
নিহত রিপা উপজেলার নিজমেহার পূর্বপাড়া তালতলা এলাকার মো. দিদার হোসেনের স্ত্রী। গত ২৬ জুন শাহরাস্তি জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাঁর সন্তান জন্ম হয়। ৩০ জুন তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। তবে বাসায় ফেরার কিছুদিন পরই শুরু হয় শারীরিক জটিলতা।
পরিবারের অভিযোগ, সিজারের সময় চিকিৎসক ডা. তানজিনা অসাবধানতাবশত প্রস্রাবনালী ও জরায়ু কেটে ফেলেন। এতে রিপার শরীরে মারাত্মক জটিলতা দেখা দেয়। পরে তাঁকে আবার শাহরাস্তি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক না দেখেই কুমিল্লায় রেফার করেন। কুমিল্লা থেকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১ আগস্ট ভোররাতে মারা যান রিপা।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। রিপার মৃত্যুর খবরে নিজমেহার ও আশপাশের এলাকার শত শত মানুষ শাহরাস্তি জেনারেল হাসপাতালে ভিড় করেন। উত্তেজিত জনতা হাসপাতালের গেইট, জানালার কাঁচসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।
নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার মেয়ে চারটা পোলাপান রেখে গেলো। ডাক্তার না, ওরা কসাই। একটিবারও বাঁচানোর সুযোগ পাই নাই।”
এই করুণ দৃশ্য দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।
স্থানীয়দের দাবি, ডা. তানজিনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অপারেশনে গাফিলতি, অপ্রয়োজনীয় সিজার এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। তবুও স্বাস্থ্য বিভাগ বা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।