বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের বিরাট অবদান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সকল শক্তি ও মতাদর্শের নেতাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং তাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা জরুরি।
শুক্রবার ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার (অব.) উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হেফাজত আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছি। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন,
“অনেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে যা জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা প্রায় সংস্কারে ঐক্যমত পোষণ করেছি কয়েকটি বাদে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করতে রাজি আছি। নির্বাচন বিলম্ব করে কারা সুযোগ নিতে চায়, জনগণ তাদের ভালোভাবে চেনে।”
ফটিকছড়িতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের উদ্দেশে তিনি বলেন,
“কেবল ফটিকছড়ি নয়, সমগ্র দেশে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল তাদের মধ্যে যেন ঐক্যে ফাটল সৃষ্টি না হয়।”