বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে ক্ষমতায় যাওয়ার আগেই সব প্রস্তুতি সম্পন্ন রাখতে চায় দলটি। বৃহস্পতিবার (৩১ জুলাই) রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনের পর যেন একদিনও দেরি না হয়—এই লক্ষ্যেই আমরা আগেভাগে অর্থনীতি, প্রশাসন ও কর্মসংস্থানের খাতসহ প্রতিটি ক্ষেত্রে পরিকল্পনার কাজ এগিয়ে নিচ্ছি। দেশের মানুষ নতুন বাংলাদেশ চায়, কথার নয়, বাস্তবায়নের বাংলাদেশ।”
শেখ হাসিনার দেশত্যাগের পর জনগণের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে বলে মন্তব্য করে আমীর খসরু বলেন, “জনগণের প্রত্যাশা এখন অনেক উঁচু। যারা এই আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে না, তাদের আগামীর বাংলাদেশে জায়গা হবে না।”
তিনি আরও বলেন, “আমরা রাজনীতিকে গণতান্ত্রিক করার পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে চাই। একটি গোষ্ঠীকেন্দ্রিক না হয়ে মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে দেশ পরিচালিত হবে।”
রংপুরের উন্নয়নে কর্মসংস্থান ও শিল্প বিকাশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “তাঁত ও হস্তশিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। এসবকে গুরুত্ব দিয়ে রংপুরকে কর্মমুখর অঞ্চলে রূপান্তর করতে হবে। পাশাপাশি আইটি সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে, যাতে ঘরে বসেই তরুণরা কাজ করতে পারে।”
সরকারি সেবা সহজ করার উদ্যোগ নিয়েও তিনি বলেন, “অনুমোদনের ঝামেলা দূর করে ঘরে বসে অনলাইনে সেবা নেওয়ার ব্যবস্থা করবো। সরকারি অফিসে যেন কারও হয়রানি না হয়।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। বিনিয়োগকারীরাও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। তাই এই মুহূর্তে প্রয়োজন একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন।”