জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করে, তাহলে এনসিপি দেশের সব ফ্যাসিবাদবিরোধী পক্ষকে সঙ্গে নিয়ে নিজেরাই তা প্রকাশ করবে। বুধবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “আমরা একবিন্দু ছাড় দিতে রাজি না। যদি সরকার আন্তরিক হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে ৩৬ জুলাইয়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ, আইনি এবং সাংবিধানিক ঘোষণাপত্র প্রকাশ সম্ভব।”
তিনি জানান, “জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র এক নয়। অনেকেই ইচ্ছাকৃতভাবে এই দুটি নথিকে গুলিয়ে ফেলছেন। এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা, যা এনসিপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা।”
আখতার বলেন, “জুলাই ঘোষণাপত্র হলো ৫ আগস্টের গণ–বিজয়ের আইনি স্বীকৃতি; অন্যদিকে জুলাই সনদ একটি রাজনৈতিক সংস্কারের রূপরেখা।”
তিনি আরও বলেন, “আমরা চাই কার্যকর ও বাস্তবায়নযোগ্য জুলাই সনদ। দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছি। বিলম্বিত বাস্তবায়ন জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”
আখতার হোসেন সাংবাদিকদের অনুরোধ জানান, সংবাদ পরিবেশনের সময় যেন “সনদ” ও “ঘোষণাপত্র”-এর পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা হয়। তিনি বলেন, “আইনি ভিত্তি ও মৌলিক সংস্কার ছাড়া কোনো সনদে আমরা সই করব না।”