বাংলাদেশের কৃষি খাতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছে চীন। ৩০ জুলাই বুধবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানায়।
সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে কৃষিপণ্য রপ্তানি, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের মাইলফলক স্মরণ করেন।
তিনি চীনের প্রতি চলতি মৌসুমে বাংলাদেশের আম আমদানির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে কাঁঠাল ও সুগন্ধি চালসহ অন্যান্য কৃষিপণ্য আমদানির দিকেও গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশের কৃষিকে আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর করতে যান্ত্রিকীকরণ প্রযুক্তি, উন্নত কোল্ড স্টোরেজ, কৃষকদের প্রশিক্ষণ ইত্যাদি খাতে চীনের সহযোগিতা কামনা করেন।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের কৃষি উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে জানান, শুধু ড্রোন প্রযুক্তিই নয়, সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং অন্যান্য কৃষি কার্যক্রমে চীন সক্রিয়ভাবে অংশ নিতে চায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-চীন কৃষি সহযোগিতা নতুন মাত্রা পাবে এবং কৃষি খাতের প্রযুক্তিগত অগ্রগতি ও সক্ষমতা বাড়বে। এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি হিসেবেও বিবেচিত হচ্ছে।