জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে শহীদ মিনারে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ‘কাঁটার পরিবর্তে ফুল’ উপহার দেওয়ার উদারতা বলে উল্লেখ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বুধবার (৩১ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা চাইলে পূর্বঘোষিত স্থানে সমাবেশ করতে পারতাম। কিন্তু আমরা উত্তেজনার বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিতে চেয়েছি। আমরা উদারতার নজির স্থাপন করেছি—এটি বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি জানান, ছাত্রদলের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পরিকল্পনা ছিল ৩ আগস্ট। জুন মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে আবেদন করে ২৬ জুন আনুষ্ঠানিক অনুমতিও পায় সংগঠনটি। কিন্তু এনসিপি একই দিনে একই স্থানে সমাবেশের ঘোষণা দিলে ছাত্রদলকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানানো হয় স্থান পরিবর্তনের জন্য।
রাকিব বলেন, “যেহেতু আমরাই আগে কর্মসূচি দিয়েছি এবং অনুমতিও পেয়েছি, তাই আমাদের বৈধ অধিকার ছিল শহীদ মিনারে সমাবেশ করার। তবু গণতান্ত্রিক চর্চা ও সহনশীলতার স্বার্থে এনসিপির অনুরোধ মেনে আমরা স্থান পরিবর্তনের কঠিন সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমাদের বার্তা খুব স্পষ্ট—আমরা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ, নীতিনির্ভর ছাত্ররাজনীতির ধারায় গণতন্ত্র ও সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে যেতে চাই। এ উদারতা আগামী রাজনীতির জন্য পথপ্রদর্শক হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি ইয়াহইয়া, যুগ্ম-সম্পাদক শ্যামল মালুমসহ কেন্দ্রীয় নেতারা।