টাঙ্গাইলের নিরালা মোড়ে পথ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “বড় বড় লুটেরা, চাঁদাবাজ, মাফিয়াদের মার্কা হয়ে গেছে ধান। একসময় যে ধান ছিল জনগণের জীবনীশক্তি, আজ তা চলে গেছে ভারতীয় ব্যবসায়ী ও লুটেরাদের হাতে। তারা এখন জনগণকে ধান দেখিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াচ্ছে।”
মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইল শহরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথ সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। সকাল ১০টার দিকে শামছুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে সমাবেশে মিলিত হয়।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “বাংলাদেশে রাজনীতি এখন ধোঁকাবাজদের দখলে। চাঁদাবাজ, টেন্ডারবাজ আর লুটেরা সিন্ডিকেট দেশ চালাচ্ছে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই এই দুঃশাসনের অবসান ঘটাতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব সারোয়ার নিভা, ডা. তাসনিম জারা ও ডা. তাজনুভা জাবিন।
পথসভা কেন্দ্র করে নিরালা মোড় এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করে এপিবিএনসহ অন্তত ৯০০ পুলিশ সদস্য। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিরালা মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।
এনসিপি নেতারা বলেন, জুলাই পদযাত্রা হচ্ছে জনগণের গণজাগরণের প্রতীক। এই আন্দোলনের মাধ্যমে জনগণ আবার তাদের অধিকার আদায়ে রাজপথে ফিরেছে।