জুলাই আন্দোলনের পটভূমিতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার এবং কাঠামোগত রাষ্ট্র সংস্কার সম্পন্ন না হলে কোনো নির্বাচন জাতির জন্য বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৯ জুলাই) “জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন” শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, “বিচার, সংস্কার এবং নির্বাচন—এই তিনটি একসঙ্গে চলতে হবে। বিচার ও সংস্কার না করে যদি শুধু নির্বাচন আয়োজন করা হয়, তবে তা হবে জাতির জন্য এক ভয়াবহ ভুল। শহীদ পরিবারগুলো বলেছে, তারা বিচার না দেখে কোনো নির্বাচন মেনে নেবে না। আমরাও সে দাবিকে পূর্ণ সমর্থন জানাই।”
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে ডা. শফিক বলেন, “আমরা প্রতিশোধ চাই না, ন্যায়বিচার চাই। যারা অপরাধ করেছে, তারা যেন বিচার থেকে রেহাই না পায়, সেই নিশ্চয়তা দরকার। তবে বিচার যেন কোনো পক্ষপাতমূলক বা রাজনৈতিক হয়রানির রূপ না নেয়, সেটাও নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে যেসব মানুষ আহত হয়েছেন, যারা পঙ্গুত্ববরণ করেছেন, তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। এ উদ্যোগে জামায়াতে ইসলামও পাশে থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।